নির্বাচনের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির ভোট গণনা

ফন্ট সাইজ:

নির্বাচনের ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির ভোট পুনরায় গণনা করা হয়েছে। গণনা শেষে রোববার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন। এর আগে গত বৃহস্পতিবার অর্ধেক ভোট গণনার পর গণনা স্থগিত করা হয়েছিল। এ নিয়ে তখন উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোর করে তখন ভোট গণনা বন্ধ রাখতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠে। নির্বাচনে দিনভর শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণের পর সন্ধ্যায় সহ-সভাপতি পদের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুধীরচন্দ্র ঘোষ ভোটারদের ব্যালট ও মুড়িতে একই ক্রমিক নম্বর উল্লেখ থাকায় ভোটারের গোপনীয়তা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন। তার পাশাপাশি মৌখিক অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান ও আনিছুর রহমান মঞ্জু। এর প্রেক্ষিতে ভোটগণনা স্থগিত করা হয়েছে জানানো হলেও প্রধান নির্বাচন কমিশনার ভোট গণনার পরিবেশ না থাকার কথাও বলেন। নির্বাচনে জয়ীরা হলেন- ৩৩১ ভোট পেয়ে সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান বাবুল। তার প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পেয়েছেন ৩১২ ভোট। ৩১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে মো. আবদুল হাই। তার নিকটম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান মঞ্জু পেয়েছেন ২১৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ কবীর ফারুক, সহ-সভাপতি মো. আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. জাকির হোসাইন (অনিক), পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক মো. রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ আফরোজা বেগম, অডিটর মোহাম্মদ আল মামুন, ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. ফোরকান উদ্দিন, দ্বিতীয় সদস্য হয়েছেন মো. রেজাউল করিম, তৃতীয় সদস্য মোহাম্মদুল্লাহ এবং চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন মো. আল আমিন। সমিতির কার্য নির্বাহী কমিটির ১৫টি পদে ১২ই মার্চ গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির মোট ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই শতাধিক ভোট গণনা করার পর গণনা স্থগিত করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন