নেত্রকোণার কেন্দুয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে আব্দুর রহিমের (৫৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার পানগাঁও গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
এর আগে, গত শনিবার বেলা ১১টার দিকে মাসকা ইউনিয়নের একটি গ্রামের হাওরে এই ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে মেয়েটিকে বাড়ির পাশের হাওরে গরু চরাতে পাঠানো হয়েছিল। কিছুক্ষণ পর মেয়েটির মা-ও হাওরে যান মেয়েকে দেখতে। কিন্তু চারপাশে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি হাওরের মাঝখানে একটি নির্জন গাবগাছের নিচে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার অবুঝ মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে লম্পট আব্দুর রহিম। এ সময় মায়ের আর্তচিৎকারে রহিম দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দিতে তাৎক্ষণিক মাঠে নামে এলাকার প্রভাবশালী মাতব্বর আবু তাহের ও আবুবকরসহ একটি চক্র। তারা একটি সালিশ বৈঠক করে নির্যাতিত পরিবারটিকে আইনি ব্যবস্থা নিতে বাধা দেয় এবং মাত্র ৫০ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করে। মাতব্বররা ওই ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের হুমকি দেয় যে, ‘এই ঘটনা যদি এলাকার বাইরে কেউ জানে বা পুলিশকে বলা হয়, তবে তাকেও ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।’ লম্পটের লালসা আর মাতব্বরদের এমন রক্তচক্ষুর ভয়ে হতবিহ্বল পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে এবং নির্যাতিত শিশুটিকে লুকিয়ে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয়।
ঘটনার বিষয়টি পরদিন রোববার সন্ধ্যায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানতে পারেন। এরপরই তিনি দ্রুত পুলিশ পাঠিয়ে সোমবার বিকালে ভিকটিমকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রহিম ও প্রভাবশালী মাতব্বররা পলাতক রয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, মেয়েটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত এবং ঘটনা ধামাচাপায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেন্দুয়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা
নেত্রকোণা সংবাদদাতা
১০ জুন (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
