সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

ফন্ট সাইজ:

সিলেটে টানা ২য় দিনের মতো ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট। মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদীঘিরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থরক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়। এ ছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

এ সময় গ্রাহক ফোরামের অনুরোধে ব্যাংক কর্মকর্তারা কলম বিরতি পালন করেন। নগরীর জিন্দাবাজার ব্রাঞ্চের সামনে ব্যাংকের গ্রাহক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে ও মাওলানা ইকবাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. এএইচএম সোলায়মান, এসএম মাহমুদ হোসেন, আব্দুল আলী শাহীন, কামারুজ্জামান ও হাফিজ সৈয়দ আব্দুল আহাদ। শাহপরান ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম। শিবগঞ্জ ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সিসিক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও নজরুল ইসলাম। তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু। লালদীঘিরপাড় ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট ইয়াসীন খান, আনোয়ার হোসেন পাঠান ও সিদ্দিক আহমদ। আম্বরখানা ব্রাঞ্চের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আলাউদ্দিন ও মাওলানা জুনাইদ আল হাবীব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন