ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের জন্য ৭০০০ কোটি ডলারের বিল পাস

ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের জন্য ৭০০০ কোটি ডলারের বিল পাস

ফন্ট সাইজ:

অভিবাসন দমন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এই অভিযানকে কঠোর করার জন্য ৭০০০ কোটি ডলারের একটি বিল মঙ্গলবার পাস করেছে মার্কিন কংগ্রেস। এর মাধ্যমে বহিষ্কার অভিযান ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস ধরে চলা তীব্র দলীয় দ্বন্দ্বের অবসান ঘটেছে। গত সপ্তাহে সিনেটে অনুমোদন পাওয়ার পর প্রতিনিধি পরিষদেও দলীয় অবস্থান অনুযায়ী প্রায় একই ভোটে বিলটি পাস হয়। এখন এটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য তার টেবিলে যাবে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এটি রিপাবলিকান নেতার জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিল অনুযায়ী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর জন্য প্রায় ৩৮০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বর্ডার প্যাট্রোল পাবে ২৬০০ কোটি ডলার এবং অনাকাঙ্ক্ষিত ব্যয়ের জন্য রাখা হয়েছে আরও ৫০০ কোটি ডলার। এর ফলে ২০২৯ অর্থবছর পর্যন্ত ট্রাম্পের বহিষ্কার কর্মসূচির জন্য অর্থের ধারাবাহিকতা নিশ্চিত হবে। বিলটির বিরোধিতা করা ডেমোক্রেটরা অভিযোগ করেন, নতুন কোনো সীমাবদ্ধতা বা নজরদারি ব্যবস্থা ছাড়াই রিপাবলিকানরা প্রশাসনের হাতে কঠোর আইন প্রয়োগের জন্য এক ধরনের ফাঁকা চেক তুলে দিয়েছে।

এই বিরোধের সূত্রপাত কয়েক মাস আগে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অর্থায়ন নিয়ে টানাপড়েন থেকে। জানুয়ারিতে মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানের সময় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়। ডেমোক্রেটরা আইসিই (বা আইস) ও বর্ডার প্যাট্রোলের জন্য নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানান, যদি না সংবেদনশীল স্থানে অভিযান পরিচালনা, কর্মকর্তাদের মুখোশ ব্যবহার এবং বিচারিক পরোয়ানা ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশের মতো কৌশলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

রিপাবলিকানরা সেই দাবিগুলো প্রত্যাখ্যান করে দ্রুতগতির বাজেট পুনর্মিলন প্রক্রিয়ার আশ্রয় নেয়। এই প্রক্রিয়ায় সিনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটেই ব্যয়সংক্রান্ত বিল পাস করা যায়। ফলে ডেমোক্রেটদের বিরোধিতা অতিক্রমের জন্য সাধারণত প্রয়োজনীয় ৬০ ভোটের বাধা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেন, এই ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদ ও সিনেটের রিপাবলিকানরা আনুষ্ঠানিকভাবে এই কংগ্রেসে ডেমোক্রেটদের তৃতীয় সরকার অচলাবস্থার অবসান ঘটিয়েছে।

‘গোপন তহবিল’ বিতর্ক

মাইক জনসন বিলটিকে অনেক দিন ধরে প্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিজ বলেন, আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় কমাতে করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত, আইসিইকে আরও ৭০০০ কোটি ডলারের ফাঁকা চেক দেয়ার জন্য নয়। এই প্যাকেজটি গত বছর ট্রাম্পের কর ও ব্যয়সংক্রান্ত আইনের অংশ হিসেবে অভিবাসন আইন প্রয়োগের জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস অনুমোদিত প্রায় ১৪০০০ কোটি ডলারের অতিরিক্ত অর্থায়ন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন