গজারিয়ায় জবাইকৃত ঘোড়ার মাংস ফেলে পালালো চক্রের সদস্যরা

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয়দের ধাওয়া খেয়ে জবাই করা ১৩টি ঘোড়ার মাংস ফেলে পালিয়েছে একটি অবৈধ মাংস ব্যবসায়ী চক্র। বুধবার ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে ঘোড়া ও মাংসগুলো উদ্ধার করা হয়। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবন্ত ঘোড়াও উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত ঘোড়াগুলো থেকে অন্তত ৩০ মণ মাংস পাওয়ার কথা ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তোফাজ্জল মিয়াজী জানান, গত প্রায় ছয় মাস ধরে এই এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী ওত পেতে ছিলেন। বুধবার ভোরে তারা হাতেনাতে চক্রটিকে ধরে ফেলেন। তবে তিতাস ও রাজিব নামে দুই অভিযুক্তসহ চক্রের সদস্যরা স্থানীয়দের সামনে দিয়েই পালিয়ে যায়। অন্য এক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, প্রতি রোববার ও বুধবার গভীর রাতে এই পরিত্যক্ত ঘরের সামনে গাড়ি আসতো। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেতো। পরে জানা যায়, চক্রটি মূলত ঘোড়া জবাই করে সেই মাংস বস্তায় ভরে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করতো। প্রমাণ নষ্ট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্ত করে পুঁতে ফেলতো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন