যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তির কাঠামো (ফ্রেমওয়ার্ক) আগামী কয়েক দিনের মধ্যেই স্বাক্ষর হতে পারে। মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই স্বাক্ষর হবে সেই কাঠামো। তাদের এ দাবিকে ইরান নাকচ করেছে। তারা বলেছে, রোববার প্রাথমিক এ চুক্তি স্বাক্ষর হচ্ছে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান ইঙ্গিত দেয় তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে।
যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা জানান, উভয় পক্ষ একটি খসড়া পাঠে সম্মত হয়েছে এবং ওয়াশিংটন আশা করছে আগামী কয়েক দিনের মধ্যেই প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বলেন, দুই পক্ষ একটি শান্তি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে এবং ইসলামাবাদ ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, যার পর আগামী সপ্তাহে টেকনিক্যাল পর্যায়ের আলোচনা হবে। তিনি ইঙ্গিত দেন যে, প্রাথমিক চুক্তি রোববারেই স্বাক্ষর হতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সময় নিয়ে মন্তব্য করতে সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে অপেক্ষা করতে হবে, যদিও তা আগামীকাল হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এটি হতে পারে। তবে অপর পক্ষের দ্বিধার কারণে এই প্রক্রিয়া নিয়ে মন্তব্যে আমাদের সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, উভয় পক্ষই অতীতে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তির কাছাকাছি এসেছে বলে মনে হলেও কোনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি। তবে শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি একটি শান্তি চুক্তির কাছাকাছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও শেহবাজ শরিফের পোস্টটি পুনরায় শেয়ার করেন।
