প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

ফন্ট সাইজ:

বৃহস্পতিবার রাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্রের টিভি দর্শকরা সেই ম্যাচের কিছু মুহূর্ত মিস করেছেন। আর তাই ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন বিরতির সময় নির্ধারণে ফিফার নিয়ম না মানার অভিযোগ উঠেছে মার্কিন ব্রডকাস্টার ‘ফক্স স্পোর্টস’-এর বিরুদ্ধে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের ম্যাচের প্রতিটি অর্ধে মাঝামাঝি সময়ে তিন মিনিটের একটি হাইড্রেশন ব্রেক বা পানি বিরতি রাখা হয়েছে।

এই বিরতি খেলোয়াড়দের শরীর ঠাণ্ডা করার সুযোগ দিলেও, এটি সম্প্রচারকারীদের জন্য হাফটাইমের আগে বিজ্ঞাপনে যাওয়ার একটি বিরল সুযোগ করে দিয়েছে। ম্যাচের ৬৭তম মিনিটে রাউল হিমিনেজ গোল করে মেক্সিকোর ব্যবধান দ্বিগুণ করার কিছু সময় পর, রেফারি দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতির বাঁশি বাজান। সঙ্গে সঙ্গেই ফক্স স্পোর্টস বিজ্ঞাপনে চলে যায়। যদিও ফিফা ব্রডকাস্টারদের জন্য বিজ্ঞাপনের পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নিয়ম প্রকাশ করেনি। তবে ‘দ্য অ্যাথলেটিক’-এর দাবি অনুযায়ী, সব সম্প্রচারকারী প্রতিষ্ঠানকেই একই নির্দেশনা দেয়া হয়েছে যে রেফারি বিরতির বাঁশি বাজানোর ২০ সেকেন্ড পর থেকে কোনো বিজ্ঞাপন শুরু করা যাবে। আবার খেলা শুরুর অন্তত ৩০ সেকেন্ড আগে সম্প্রচারে ফিরে আসতে হবে। অভিযোগ উঠেছে, ফক্স স্পোর্টস যখন সম্প্রচারে ফিরে আসে, তখন খেলা ইতিমধ্যেই শুরু হয়ে যায় (৭১তম মিনিটে)।

অর্থাৎ, তারা নিয়ম অনুযায়ী খেলা শুরুর ৩০ সেকেন্ড আগে ফিরতে ব্যর্থ হয়েছে। হিমিনেজ গোল উদযাপনের সময় রেফারি হাইড্রেশন বিরতির বাঁশি বাজালে ফক্স ৩৩ সেকেন্ড পর্যন্ত ম্যাচটি দেখায় (যা ২০ সেকেন্ডের ন্যূনতম সীমার চেয়ে বেশি ছিল)। এরপরেই তারা বিজ্ঞাপনে যায়। পুরো বিজ্ঞাপনের বিরতি ছিল ১ মিনিট ৫৪ সেকেন্ডের, যা নির্ধারিত সময়ের মধ্যেই ছিল। কিন্তু গোল উদযাপনের কারণে বিজ্ঞাপনে যাওয়ার সিদ্ধান্তটি দেরিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি তালগোল পাকিয়ে যায়। ম্যাচটি ৭০ মিনিট ১০ সেকেন্ডের দিকে পুনরায় শুরু হয়, কিন্তু ব্রডকাস্টাররা যখন সম্প্রচারে ফেরে তখন স্কোরবোর্ডে সময় দেখাচ্ছিল ৭০ মিনিট ১৮ সেকেন্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন