খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে, তার উপরে যে সকল ট্যাক্স ছিল বর্তমান সরকার এই দু’দিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে- যাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।
শনিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুন:খননের পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন। ওদিকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল বলছে যে এই বাজেট তারা মানে না, এই গণবিরোধী বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্যে বুঝতে পেরেছেন? তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্যে দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্যে একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীতা ও অশান্তি তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।

Ridhoy
১ ঘন্টা আগেবাজেট এর আগে বাড়িয়ে নিয়েছেন বিদ্যুতের দাম যেন পরে বাড়াতে না হয় !!