বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিমান মন্ত্রীর

বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিমান মন্ত্রীর

ফন্ট সাইজ:

বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসী ভাইদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরসমূহে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

বিমান মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি গোষ্ঠী অপতথ্যের আশ্রয় নিচ্ছে। এ ধরনের অপতথ্যের প্রচারণার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ফলে দেশের বিমান পরিবহন খাতের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ যাত্রী ও প্রবাসীরা এর সুফল ভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এবং বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন