ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফন্ট সাইজ:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তীব্র শিলাবৃষ্টিতে কয়েক হাজার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। এ ছাড়া আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে শিলাবৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাচান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে বড় বড় শিলা পড়তে থাকে। এতে রুদ্রানী গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রুদ্রানী গ্রামের বাসিন্দা মসলেম উদ্দিন বলেন, হঠাৎ করেই বড় বড় শিলা পড়া শুরু হয়। শিলার আঘাতে ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে। এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের আশপাশের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউএনও আহম্মেদ হাচান বলেন, ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন