বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ফন্ট সাইজ:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে বানিয়াচং সদর ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার মাইজের মহল্লা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ওই এলাকার লিটন মিয়ার কন্যা মোছা. সাদিয়া আক্তার (৬) এবং তার ছোট ভাই জুবায়ের মিয়া (৫)।
জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় দুই ভাইবোন একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরফান মিয়া বলেন, ‘একই পরিবারের দু’টি শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে আমি শোকাহত পরিবারের পাশে গিয়েছি। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাবা লিটন মিয়া ও মা এখন বাকরুদ্ধ। মাসুম দুই শিশুর এমন বিদায়ে পাড়া-প্রতিবেশীদের মাঝেও শোকের মাতম চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন