কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফন্ট সাইজ:

চাঁদপুরের কচুয়ায় ইকরা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বিতারা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ইকরা উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সৌদি প্রবাসী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম আলমের ছেলে। জানা গেছে, ইকরা আক্তার ও সম্রাট হোসেনের সঙ্গে চার মাস পূর্বে দুই পরিবারের আয়োজনে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। বুধবার সকালে ইকরা তার বাবার বাড়ি থেকে তার মা জোসনা বেগমের সঙ্গে স্বামীর বাড়িতে আসে। পরে ইকরার মা তাকে স্বামীর বাড়িতে রেখে নিজ বাড়িতে রওনা দিলে পথিমধ্যে উত্তর পালাখাল এলে মুঠোফোনে খবর আসে যে, ইকরা মারা গেছে। ইকরার মা জোসনা আক্তার ও তার ভাই ইমন হোসেন বলেন, ইকরা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় ফাঁসের নাটক সাজিয়ে স্বামীর পরিবার অপপ্রচার চালায়। আমরা ইকরা হত্যার সঠিক বিচার চাই। ইকরার মা আরও জানান, আমার মেয়েকে বিয়ের পূর্বে সম্রাট নিজেকে অবিবাহিত দাবি করে। পরে জানতে পারি প্রবাসে থাকা অবস্থায় সে কুমিল্লায় জনৈক এক নারীকে বিয়ে করে সংসার করছে। এ বিষয়টি নিয়েই তাদের স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময় কারণে-অকারণে মারধর করতো। আমার মেয়ের গলায় মারধরের চিহ্ন রয়েছে।
বর্তমানে আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে তিনি দাবি করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত সম্রাটের বক্তব্য জানতে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ইকরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন