চট্টগ্রামে ১০৪২ লিটার অবৈধ ভোজ্য তেল জব্দ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে অবৈধভাবে মজুত ও অননুমোদিত ভোজ্য তেল বাজারজাতের অভিযোগে ১ হাজার ৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রায় ২১ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্‌ফর হোসেন। তিনি জানান, বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় ‘আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং’ নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে।
প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্য তেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতল জব্দ করে বায়েজিদ থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। অন্যদিকে, পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ‘মাবিয়া স্টোর’-এ সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ‘খাজা স্টোর’-এ লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া র‌্যাব কর্মকর্তা সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন