ময়মনসিংহের মুক্তাগাছায় সম্পত্তি দখল করে নিতে এক বৃদ্ধকে ২৭ দিন ধরে শিকলে বেঁধে গোয়ালঘরে ফেলে রেখেছে বোন-বোনজামাই ও ভাগ্নে। এ ছাড়া সফর আলী (৬৬) নামের ওই বৃদ্ধকে কৌশলে মানসিক ভারসাম্যহীন (পাগল) বলে প্রচার করলেও তার ছেলে এবং এলাকাবাসী বলছে তিনি সুস্থ ব্যক্তি। তবে তিনি একটি বিশেষ তরিকায় বিশ্বাসী বলে চলেন ভিন্ন রীতিতে। উপজেলার মানকোন ইউনিয়নের করমোল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ায় ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জমিদখলে নিষেধ করে আসলেও শিকলবন্দি অবস্থা থেকে বৃদ্ধকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, করমোল্লাপুর গ্রামের দরিদ্র সফর আলী দীর্ঘদিন ধরে একটি বিশেষ ধরনের ধর্মীয় তরিকা মেনে চলেন। তার স্ত্রী-পুত্ররা দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করায় তিনি একাই নিজ বাড়িতে বসবাস করেন। তার চলাচলকে পুঁজি করে তার বোনজামাই মোহাম্মদ আলী, বোন হিন্দুরী খাতুন ও বোনের ছেলে মো. জক্কু মিয়া মিলে পৈতৃকসূত্রে প্রাপ্ত ১২ শতাংশ জমি দখলের পাঁয়তারা করে। সেজন্য তাকে একজন মানসিক ভারসাম্যহীন লোক হিসেবে প্রমাণ করতে চেষ্টা চালায়। গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে তার বোন এবং ভাগ্নে মিলে সেই জমি দখল করতে গেলে সফর তাতে বাধা দেন। সেদিন থেকে তাকে গোয়ালঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। যদিও তার ছেলে মো. মন্টু মিয়া গত ৪ঠা এপ্রিল উদ্ধার করতে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছেলেদের নির্দিষ্ট ধারায় মামলা করতে এবং ভাগ্নে জক্কুকে জমি দখল না করার নির্দেশ দিয়ে চলে যান। স্থানীয়রা জানান, নির্দিষ্ট একটি তরিকা মেনে চালায় সফর আলীকে আগে থেকেই লোকজন পাগলা বলে ডাকেন। তার স্ত্রী এবং ছেলেরা দীর্ঘদিন ধরে অন্যত্র থাকায় তিনি একাই পৈতৃক ভিটায় থাকেন। তার বোন এবং ভাগ্নে মিলে জমি লিখে নিতে চায়। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ করে মীমাংসার চেষ্টাও করেছেন। বোন ও বোনের ছেলে জমি লিখে নেয়ার জন্য মানসিক ভারসাম্যহীন সফরকে শিকলে বেঁধে রেখেছে। তার ছেলে হুরমুজ আলী বলেন- দীর্ঘদিন ধরে ফুপু ও ফুপাতো ভাই বাবার কাছ থেকে জমি লিখে নিতে পাঁয়তারা করছে। জমি লিখে না দেয়ায় তারা বাবাকে বিভিন্ন সময় মারধরও করেন। বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমরা বলেছি তাকে ছেড়ে দিলে আমরা নিয়ে যাবো। কিন্তু ফুপু কোনো কথাই শুনছে না। সফর আলীর চাচাতো ভাই রোস্তম আলী বলেন- চিশতিয়া তরিকা মেনে চলায় মানুষ তাকে পাগলা বলে কিন্তু সে আসলেই কোনো পাগল নয়। বোন আর ভাগ্নেরা মিলে জমিটুকু নেয়ার জন্যই তাকে পাগল সাজিয়ে বেঁধে রেখেছে। সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়া বলেন, সফর আলীর পৈতৃক সম্পত্তির এক অংশে সে আরেক অংশে তার ভাগ্নে ঘর উঠিয়ে থাকেন। সম্প্রতি সফর আলীর ঘর তার ভাগ্নে জক্কু মিয়া ভেঙে দিয়ে তাকে মারধর করে বেঁধে রেখেছে। আমরা তাকে ছেড়ে দিতে বললেও তারা কথা কানে নিচ্ছে না। পুলিশ আসলেও কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) সাংবাদিকদের বলেন- যেহেতু ওসি বরাবর অভিযোগ দেয়া হয়েছে। আমার কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। বিষয়টি নিয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলতে পারেন। মুক্তাগাছা থানার ওসির মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সম্পত্তি দখল নিতে ২৭ দিন ধরে বৃদ্ধকে শিকলবন্দি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
