লাখাইয়ে পুলিশ আসছে শুনে আতঙ্কে দৌড় দিতে গিয়ে একজনের মৃত্যু

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাইয়ের সুনেশ্বর গ্রামে ‘পুলিশ আসছে’ শুনে আতঙ্কে দৌড় দিতে গিয়ে বকুল মিয়া (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল ওই গ্রামের তুরুই মিয়ার ছেলে। এই মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে দু’টি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে সুনেশ্বর গ্রামে দুইপক্ষের মধ্যে বড় ধরনের মারামারি হয়। ওই ঘটনায় এক পক্ষ বাদী হয়ে থানায় মামলা করায় এলাকায় গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছিল। ঘটনার দিন বিকালে বকুল যখন নিজের ঘরের চালে কাজ করছিলেন, তখন কে বা কারা চিৎকার করে বলে ওঠে পুলিশ আসছে। আগের সংঘর্ষের মামলার কারণে গ্রেপ্তার আতঙ্কে বকুল দ্রুত চাল থেকে নেমে দৌড় দেন। কিছুদূর দৌড়ানোর পরই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক করে) মারা গেছেন এবং ফেসবুকেও অনেকে একে স্ট্রোক হিসেবে উল্লেখ করছেন। লাখাই থানার ওসি জাহিদুল হক জানান- হাসপাতাল সূত্রে তারা জানতে পেরেছেন বকুল বুকে ব্যথাজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ওসি জাহিদুল হক আরও বলেন-শুনেছি পুলিশের আতঙ্কে তিনি দৌড় দিয়েছিলেন। কিন্তু ঘটনার সময় ওই স্থানে আসলে কোনো পুলিশ ছিল না। কে বা কারা পুলিশ আসছে বলে চিৎকার করলে তিনি আতঙ্কিত হয়ে দৌড় দেন এবং সম্ভবত হার্ট অ্যাটাক বা স্ট্রোক করেন। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া চূড়ান্ত কিছু বলা যাবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন