আগৈলঝাড়ায় ক্রয়কৃত সম্পত্তিতে চাঁদার দাবিতে ভাঙচুরের অভিযোগ

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামে ক্রয়কৃত জমিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাসিন্দা মো. হৃদয় শিকদার প্রায় তিন বছর আগে ২০২৩ সালে ৮ লাখ টাকায় ১১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরপরই একটি প্রভাবশালী মহল জমি মাপজোক ও বুঝিয়ে দেয়ার কথা বলে ৬০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে পরিস্থিতির চাপে ওই টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে জমিটি ভরাট করা হয় এবং নিরাপত্তার জন্য একপাশে টিনের বেড়া দেয়া হয়। এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানায় পরিবারটি। সম্প্রতি বাকি অংশে বেড়া দেয়ার কাজ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ৫ই এপ্রিল সকালে জমির বাকি অংশে বেড়া দেয়ার কাজ সম্পন্ন করা হলে, একইদিন বিকালে প্রায় ৪টার দিকে অভিযুক্তরা এসে সিমেন্টের খুঁটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং কাঠের খুঁটিও নষ্ট করে দেয়। ঘটনার সময় জমির মালিক হৃদয় শিকদার ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তার বাবা মো. তৈয়ব আলী সিকদার ঘটনাস্থলে গেলে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করার হুমকি দেয়া হয় বলে অভিযোগ ওঠে। এসময় অভিযুক্ত বাদল আকন ও চুন্নু আকনসহ আরও কয়েকজন হৃদয় শিকদারকেও ডেকে এনে মারধরের হুমকি দেয়। এ ছাড়াও তারা নতুন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের জমিতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা তাদের ক্রয়কৃত সম্পত্তি নিরাপদে ভোগদখল এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন