বারবার ইউএনও বদলি, তালার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

ফন্ট সাইজ:

তালা উপজেলায় প্রশাসনিক অস্থিতিশীলতা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বারবার ইউএনও বদলির কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এরই মধ্যে নবাগত ইউএনও’র আয়োজিত মতবিনিময় সভা শেষ না হতেই তার বদলির খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত সোমবার দুপুর বারোটায় তালা উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও হোসনে আরা এর সভাপতিত্বে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতাদের মতবিনিময় সভার আয়োজন করে। তবে সেই সভা শেষ হতেই তার বদলির খবর ছড়িয়ে পড়ায় বিস্ময় ও হতাশা দেখা দেয়।
নবাগত ইউএনও চলতি বছরের মার্চ মাসের ১৫ তারিখ তালা উপজেলায় যোগদান করেন। ৫ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-১ এর প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার তালা হোসেনে আরাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
স্থানীয়দের মতে, ঘন ঘন ইউএনও পরিবর্তনের ফলে চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। এক কর্মকর্তা কাজ বুঝে ওঠার আগেই বদলি হয়ে যাওয়ায় নতুন করে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়ক্ষেপণ হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তালাবাসীর ওপর।
তালাবাসীর দাবি, প্রশাসনিক কাজে অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইউএনওদের দায়িত্বে রাখা প্রয়োজন, যাতে তারা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্পন্ন করতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন