ফরিদপুরের সদরপুরে জ্বালানি তেল পাচারের ভিডিও করায় তেলের ডিলারের সন্ত্রাসীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার গণমাধ্যমকর্মীরা। হামলার পর লিখিত অভিযোগ দিলেও পুলিশ ও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদকর্মীরা। এর প্রতিবাদে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা পুলিশের সকল সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠন। গত সোমবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সদরপুর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। জানা গেছে, গত ৩রা এপ্রিল গভীর রাতে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের গাবতলা বাজারের তেলের ডিলার মোহাম্মদ আলী তেল পাচার করতে গেলে স্থানীয় জনতা তেলের ড্রামসহ কয়েকটি নসিমন গাড়ি আটক করে সাংবাদিকদের খবর দেয়। এই ঘটনার ভিডিও ধারণ করতে যান দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও জাগরণী টিভির সাংবাদিক আলমগীর হোসেন। ভিডিও ধারণকালে তেলের ডিলারের নির্দেশে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিক লাঞ্ছনা করে। এই ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে বিষয়টি অবগত করেন। পরদিন শনিবার সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি। শুধু তাই নয়, থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও থানা চত্বরে পুলিশের সামনেই তেলের ডিলারের উচ্ছৃঙ্খল লোকজন আবারো সাংবাদিকদের ওপর হামলা চালানোর পরেও অদ্যাবধি এই পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি; বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে অনেকে সাংবাদিকদের আপস করারও প্রস্তাব দিচ্ছেন বলেও ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন। সদরপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় হুঁশিয়ারি দেয়া হয়।
সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে সংবাদ বর্জনের ঘোষণা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
