প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে যুবক আটক

ফন্ট সাইজ:

রংপুরে বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে মোস্তাফিজুর রহমান (৩০) এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। মোস্তাফিজুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান-দুপুরে প্রেস ক্লাবের আরটি প্রেসে এসে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এ নিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেস ক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানায়-তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকাকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান। ওসি শাহজাহান আলী বলেন- মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে তার মানসিক সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন