ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও কঠোর শৃঙ্খলার চাপে রুশ বাহিনীর মনোবল ভেঙে পড়ার চিত্র উঠে এসেছে এতে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
বেলারুশের বিরোধী-সমর্থিত হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনীয় হ্যাকার দল ‘সাইলেন্ট ক্রো’ এর সংগ্রহ করা ১ কোটি ১০ লাখ মৃত্যুসনদ বিশ্লেষণ করেছে গার্ডিয়ান। এতে ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইউক্রেন বা এর সীমান্তবর্তী এলাকায় আরও ৮৮৫ জন সেনার মৃত্যু ‘অনিশ্চিত উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রের আঘাত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে আত্মহত্যার ঘটনা আড়াল করতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই সংখ্যা রাশিয়ার প্রায় একটি রেজিমেন্টের সমান।
নথি অনুযায়ী, শনাক্ত হওয়া ১ হাজার ৮৭টি আত্মহত্যার মধ্যে অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত অঞ্চল অথবা বেলগোরোদ ও ব্রিয়ানস্কের মতো রুশ সীমান্তবর্তী এলাকায়। অর্ধেকের বেশি আত্মহত্যায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যাকারীদের মধ্যে ৪৩ জনের বয়স ছিল মাত্র ১৮ বা ১৯ বছর। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার অন্যান্য স্থানে ২৫ বছরের কম বয়সী ১০৮ জন সেনা আত্মহত্যা করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে আত্মহত্যার হারও বেড়েছে; ২০২২ সালে ৫০টির বেশি থাকলেও ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়ে ২০২৫ সালে ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালের অসম্পূর্ণ তথ্যেই এখন পর্যন্ত প্রায় ৩০০টি আত্মহত্যার ঘটনা রেকর্ড হয়েছে।
সামরিক বিশ্লেষকরা জানান, সহকর্মী ও কমান্ডারদের তীব্র চাপ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে যাওয়ার ভয় এবং যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ না থাকায় রুশ সেনাদের মধ্যে হতাশা চরমে পৌঁছেছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি জানান, রুশ সেনাবাহিনীতে সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করতে নির্যাতন ও শারীরিক নিপীড়ন চালানো হয়, ফলে আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক নয়।
তবে ক্রেমলিন সেনাদের হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে সংরক্ষণ করে এবং মানবাধিকারকর্মীদের মতে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রুশ সেনাদের পালিয়ে যেতে সহায়তাকারী সংস্থা ‘ইদিতে লেসম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ জানান, যুদ্ধক্ষেত্রে আহত হয়ে বা ড্রোন হামলার মুখে পড়ে অনেক সেনা আত্মহত্যা করলেও কাগজে-কলমে তাদের যুদ্ধক্ষেত্রে নিহত ‘বীর’ হিসেবে দেখানো হয়।
আত্মহত্যা ছাড়াও রুশ বাহিনীর ভেতরের সংকটের আরও চিত্র সামনে এসেছে। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ যুদ্ধে যেতে অস্বীকৃতি জানানোয় ২০ হাজার ৬৬২ জনের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা হয়েছে। এছাড়া ‘আইস্টোরিজ’-এর যাচাই করা তথ্যে দেখা গেছে, অন্তত ৪৯ হাজার রুশ সেনাকে পলাতক বা বিনা অনুমতিতে অনুপস্থিত ঘোষণা করা হয়েছে।
