জেনসেন ও লরি হুয়াংয়ের বিপুল সম্পদ

জেনসেন ও লরি হুয়াংয়ের বিপুল সম্পদ

ফন্ট সাইজ:

১১ দিনের মাথায় এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং। মার্কিন প্রেসিডেন্টের ফোনকলে তাকে ফেরানোর সিদ্ধান্ত নেন কোম্পানিটির বোর্ড। তবে বোর্ডরুমের বাইরের আরেকটি গল্প এখন সবার নজর কাড়ছে—কীভাবে জেনসেন ও তার স্ত্রী লরি হুয়াং তাদের বিশাল পারিবারিক সম্পদ গড়ে তুলেছেন এবং তা পরিচালনা করেন। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ছয় মাসের জীবনযাত্রার খরচ। অথচ এখন এই দম্পতি এনভিডিয়ার প্রায় ৮৭ কোটি শেয়ারের মালিক, যার মূল্য জেনসেনের ফেরার ঘোষণার আগেই ১০ হাজার ৯০০ কোটি ডলার বা প্রায় ১৩ লাখ ৫১ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে বলা হয়, তাদের এই বিপুল সম্পদ কোনো একক ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা নেই; বরং তা পারিবারিক ট্রাস্ট, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (এলএলসি) এবং একটি দাতব্য ফাউন্ডেশনে ছড়িয়ে আছে। জনসমক্ষে খুব একটা না এলেও এই আর্থিক কাঠামোয় লরি হুয়াংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন জেনসেন। তবে ২৩ নভেম্বর এনভিডিয়ার বোর্ড সেই সিদ্ধান্ত বদলে তাকে পুনর্বহাল করে, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ কর্মীরা স্বাগত জানান। এই ঘোষণার পর এনভিডিয়ার শেয়ার ৩০ শতাংশের বেশি বেড়ে যায়।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জেনসেন ও লরি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে জেনসেনের সরাসরি মালিকানায় রয়েছে প্রায় ৭ কোটি শেয়ার। তবে বড় অংশটি রয়েছে ১৯৯৫ সালে গঠিত ‘জেন-সান অ্যান্ড লরি হুয়াং লিভিং ট্রাস্ট’-এ, যেখানে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ শেয়ার রয়েছে। এই ট্রাস্টের সহ-ট্রাস্টি হিসেবে তারা দুজনই সম্পদ পরিচালনার দায়িত্বে আছেন। এছাড়া এই লিভিং ট্রাস্টের অধীনস্থ এলএলসিগুলোর মাধ্যমে আরও প্রায় ১৩ কোটি ৩০ লাখ শেয়ার এবং ২০১২ ও ২০১৬ সালে গঠিত দুটি অপরিবর্তনীয় (ইরিভোকেবল) ট্রাস্টে যথাক্রমে ৩ কোটি ১০ লাখ ও ১০ কোটি ৯০ লাখের বেশি শেয়ার রাখা আছে। কর সাশ্রয় ও পরবর্তী প্রজন্মের কাছে সম্পদ হস্তান্তরের জন্যই ধনী পরিবারগুলো সাধারণত এ ধরনের কাঠামো ব্যবহার করে।
পারিবারিক বিনিয়োগের পাশাপাশি ‘জেন-সান অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লরি হুয়াং, আর জেনসেন এর সচিব ও প্রধান অর্থ কর্মকর্তা।

ফাউন্ডেশনটির অধীনে এনভিডিয়ার প্রায় ৫ কোটি ৯০ লাখ শেয়ার রয়েছে, যা আইনত দাতব্য সংস্থাটির সম্পত্তি। এনভিডিয়ার উত্থানের সাথে সাথে ফাউন্ডেশনটির সম্পদ ২০০৭ সালের ১ কোটি ২৬ লাখ ডলার (প্রায় ১৫৬ কোটি টাকা) থেকে বেড়ে ২০২৪ সালের শেষে প্রায় ৯২০ কোটি ডলারে (প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা) পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যক্তিগত দাতব্য ফাউন্ডেশন। সংস্থাটি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়কে ৭ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৯৩০ কোটি টাকা) অনুদান দেয়ার পাশাপাশি স্ট্যানফোর্ড, ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ফুড ব্যাংকে সহায়তা দিয়েছে। এছাড়া ২০২৪ সালে কর-সুবিধাযুক্ত ডোনার-অ্যাডভাইজড ফান্ডে (ডিএএফ) ৮ কোটি ডলারের (প্রায় ৯৯২ কোটি টাকা) বেশি দান করেছে ফাউন্ডেশনটি।