রুশ পারমাণবিক স্যাটেলাইট নিয়ে গুঞ্জন, মহাকাশ সুরক্ষার অঙ্গীকার ন্যাটো প্রধানের

রুশ পারমাণবিক স্যাটেলাইট নিয়ে গুঞ্জন, মহাকাশ সুরক্ষার অঙ্গীকার ন্যাটো প্রধানের

ফন্ট সাইজ:

মহাকাশে রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে জার্মান গণমাধ্যমে। এরপরই মহাকাশের যেকোনো হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। খবরে বলা হয়, আগামী ৬০ দিনের মধ্যে সম্ভাব্য এই উৎক্ষেপণ হতে পারে। এ বিষয়ে চলতি মাসে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা প্রতিবেদন বিনিময় হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

এ বিষয়ে জানতে চাইলে বার্লিনে এক সংবাদ সম্মেলনে রুটে জানান, ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করা হবে এবং মহাকাশের ক্ষেত্রেও জোটের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে বলেও তিনি জানান। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সর্বশেষ এই প্রতিবেদন দেখেননি উল্লেখ করে জানান, অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে করা এসব খবর গুরুত্ব দেয়ার মতো নয়।

বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও জার্মান গণমাধ্যমকে জানায়, এসব ভিত্তিহীন অভিযোগ তারা প্রত্যাখ্যান করছে এবং এটি একটি অপপ্রচারের অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর প্রতিবেদনে বলা হয়, ‘স্পুটনিক-এস’ নামের ওই রুশ স্যাটেলাইটটিতে পারমাণবিক ওয়ারহেড যুক্ত রয়েছে। এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও পর্যবেক্ষণ স্যাটেলাইটসহ অন্যান্য স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করতে ব্যবহার করা হতে পারে।

রুটের পাশে দাঁড়িয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস রাশিয়ার এই পরিকল্পনার খবর নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি। তবে তিনি জানান, রাশিয়া উত্তেজনা কতদূর বাড়াতে প্রস্তুত, এসব খবরে তা স্পষ্ট হচ্ছে। মহাকাশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র পাঠানোর পরিকল্পনার খবর নতুন নয়, তবে তা এখনো একইরকম উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, জার্মান সরকারের এক মুখপাত্র জানান, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, তবে অনুমাননির্ভর বিপদ নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান জোসেফ অ্যাশবাখার জানান, মহাকাশে পারমাণবিক অস্ত্র থাকাটা সবচেয়ে বড় দুঃস্বপ্নের মতো পরিস্থিতি হবে।

রাশিয়া ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটিতে স্বাক্ষরকারী দেশ, যেখানে কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্যান্য দেশ এই চুক্তির বাইরে থেকে মহাকাশে প্রতিপক্ষের স্যাটেলাইট টার্গেট করার মতো সক্ষমতা তৈরি করছে। এর আগে ২০২৪ সালেও যুক্তরাষ্ট্র অভিযোগ করে, রাশিয়া মহাকাশভিত্তিক পারমাণবিক অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র তৈরি করছে, যা মস্কো অস্বীকার করে। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান সবসময়ই স্পষ্ট।

এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন বিমানবাহিনী সচিব ট্রয় মেইঙ্ক জানান, পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্রের মহাকাশ-নিয়ন্ত্রণকারী অস্ত্র রয়েছে। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ তখন জানান, মহাকাশ সব ধরনের অস্ত্রমুক্ত থাকা উচিত।