নেপালের কোশি প্রদেশের লেলেপের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
তবে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে তাপেলেজুং জেলার ওলাংচুং গোলার নিকটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্পের পর ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের পাশাপাশি হিমালয় সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তীব্র কম্পনে বহুতল ভবন, বসতবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষজন সতর্কতাবশত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
এদিকে, এর আগে মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। এনসিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
