দশকের পর দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওয়াশিংটনকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সোমবার ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে ফ্রান্স২৪।
ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার রায় পেয়েছি। তিনি আরও জানান, উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে হওয়া ক্ষয়ক্ষতিকে এই ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে।
এদিকে ইরান সংশ্লিষ্ট নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সূত্রপাত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি এবং তাদের বিভিন্ন স্থাপনা।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুদ্ধ অবসানের পথ তৈরির উদ্যোগ নেয়া হয়। ওই সমঝোতায় একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদাররা অন্তত ৩০ হাজার কোটি ডলারের একটি পরিকল্পনা তৈরি করবে। উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দশক ধরে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে। তবে ইরানের আদালতের এই ক্ষতিপূরণ আদেশ যুক্তরাষ্ট্রের কাছে বাস্তবে কার্যকর করা সম্ভব হবে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
