মাত্র ১১ দিনের ব্যবধানে আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব ফিরে পেলেন জেনসেন হুয়াং। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের পর তাকে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়তে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর পদত্যাগ করেন হুয়াং। ওই নারীর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ ছিল। এ ছাড়া এনভিডিয়ার এক নির্বাহীর সঙ্গেও তার সম্পর্কের অভিযোগ ওঠে।
হুয়াংয়ের প্রত্যাবর্তনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে ট্রাম্প কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছে এমন কোনো কারণ নেই, যার ভিত্তিতে মনে করা যায় যে এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেলও নিশ্চিত করেছেন, হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেনÑএমন প্রমাণ সরকারের কাছে নেই।
হুয়াংকে ছাড়া এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
পদত্যাগের ঘোষণার পর এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক রূপান্তরে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোম্পানির ওপরও তার ছিল দৃঢ় নিয়ন্ত্রণ। প্রায় ২০০ কর্মী সরাসরি তার কাছে প্রতিবেদন দিতেন।
শুধু এনভিডিয়া নয়, বৃহত্তর এআই শিল্পে বিনিয়োগ ও আগ্রহ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুয়াংয়ের। ফলে তার প্রস্থান ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করেছিলেন প্রযুক্তি খাতের অনেকে।
এর পেছনে রয়েছে এনভিডিয়ার ব্যবসায়িক মডেলের একটি জটিল দিক, যাকে বলা হয় ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়ন। মাইক্রোচিপ উৎপাদন ও সরবরাহের বাজারে শীর্ষস্থান ধরে রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির সঙ্গে বিনিয়োগ, ঋণ ও বাণিজ্যিক চুক্তির জটিল সম্পর্ক গড়ে তুলেছে।
এনভিডিয়া শুধু মেটা, স্পেসএক্স ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের কাছে চিপ বিক্রি করে না; ঋণ প্রদান কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমেও এসব প্রতিষ্ঠান এবং সরবরাহ শৃঙ্খলের অন্যান্য কোম্পানিকে অর্থায়ন করে থাকে।
হুয়াং ছাড়া এই ব্যবসায়িক কাঠামো কতটা কার্যকর থাকবে, তা নিয়ে উদ্বেগ ছিল প্রযুক্তি খাতে। সম্ভবত এ কারণেই ইলন মাস্ক এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনির মতো প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা তাকে পুনরায় দায়িত্বে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন।
সব মিলিয়ে, এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের প্রত্যাবর্তন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্থিতিশীলতা এবং এআই শিল্পে এর ভবিষ্যৎ অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
