লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।
আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিলেন, তবে তারা পালিয়ে গেছেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টল ঢেলে আগুন লাগিয়ে দেন। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছেন। আগুন লাগিয়েই তারা পালিয়ে যান। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১০টা ৩০ মিনিটে মেইন গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেয়। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
