শুধু রিতিকা নন, আমাদের নীনাও আছেন!

শুধু রিতিকা নন, আমাদের নীনাও আছেন!

ফন্ট সাইজ:

ভারতের নির্বাচন কমিশনের অনিয়মের অভিযোগ নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট করে দেশজুড়ে হইচই ফেলে দেয়া রিতিকা চোপড়া টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান করে নিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক রিতিকার এই সম্মান নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তিনি মূলত নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি এবং বিশেষ ভোটার তালিকায় (এসআইআর) পরিবর্তন নিয়ে দুজন নির্বাচন কমিশনারের আপত্তি সামনে এনেছেন। যা নিয়ে ভারতের বিরোধীদলগুলো ইতিমধ্যেই প্রতিবাদের পথে। কিন্তু শুধু রিতিকা নন, কলকাতার কন্যা নীনা গুপ্তাও টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় স্থান করে নিয়েছেন অঙ্কের বিরল সমাধান করে! রাজনীতির অঙ্ক নয়, গত ৭০ বছরে সমাধান না হওয়া অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন কলকাতার নীনা।

আসলে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানানো এবং অজানা রহস্যের সন্ধান করা—সেই দর্শনেই নিজের গবেষণার জগৎ তৈরি করেছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। গণিতের জগতে এই অসাধারণ অবদানের স্বীকৃতিও পেলেন এবার। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়ার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। স্বাস্থ্য ও বিজ্ঞান উদ্ভাবক বিভাগে জায়গা পেয়েছেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই-এর অধ্যাপক নীনা।

প্রায় সাত দশক ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত হয়ে থাকা একটি জটিল সমস্যার সমাধানে নতুন দিশা দেখিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক মহলে পরিচিতি পান তিনি। অ্যালজেব্রিক জিওমেট্রির গবেষণায় তার সেই আবিষ্কার গণিতের জগতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। আর সেই সাফল্যের পেছনে রয়েছে ছোটবেলা থেকে গড়ে ওঠা অঙ্কের প্রতি আগ্রহ, মায়ের উৎসাহ এবং নতুন কিছু জানার অদম্য কৌতূহল।

নীনা গুপ্তার আন্তর্জাতিক পরিচিতির পেছনে রয়েছে ২০১৪ সালের একটি যুগান্তকারী গবেষণা। প্রায় সাত দশক ধরে গণিতবিদদের ভাবিয়ে তোলা জারিস্কি ক্যানসেলেশন প্রবলেমের একটি বিশেষ ভার্সনের ক্ষেত্রে কাউন্টার-এক্সাম্পল খুঁজে পান তিনি। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি উত্থাপন করেছিলেন। সহজভাবে বললে, এই সমস্যার মূল প্রশ্ন হলো, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যুক্ত করার পর যদি তারা সমতুল্য হয়ে যায়, তাহলে কি ধরে নেয়া যায় যে অতিরিক্ত মাত্রা যুক্ত করার আগেও তাদের গঠন একই ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন গণিত বিশেষজ্ঞরা।

নীনা গুপ্তা দেখিয়েছেন, অসমান গাণিতিক কাঠামোও অতিরিক্ত মাত্রা যুক্ত হওয়ার পর সমতুল্য হয়ে উঠতে পারে। এর জন্য তিনি আসানুমা নির্মিত একটি ত্রিমাত্রিক অ্যাফাইন ভ্যারাইটি ব্যবহার করে ধনাত্মক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি কাউন্টার-এক্সাম্পল তুলে ধরেছেন। তার এই গবেষণা দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। আন্তর্জাতিক গণিত গবেষণার মহলেও আলোড়ন তৈরি হয় তার কাজ নিয়ে।

১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ছোটবেলা থেকেই গণিতের ধাঁধা সমাধান করতে ভালোবাসতেন তিনি। তার এই আগ্রহ তৈরির পেছনে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়ের পাশাপাশি ছেলেকেও বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধানের প্রতিযোগিতায় উৎসাহ দিতেন তিনি। সেই থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয় নীনার। গণিতকে পেশা হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্তও আসে কলেজ জীবনে। এক সিনিয়রের পরামর্শে বেথুন কলেজে গণিত অনার্স কোর্স করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অ্যালজেব্রিক জিওমেট্রিতে গবেষণা শুরু করেন।

স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র নারী ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা থেকেই বিজ্ঞান ও গণিতের মতো ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা আরও ভালোভাবে উপলব্ধি করেন তিনি। পরবর্তী সময়ে বারবার মেয়েদের বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন অধ্যাপক নীনা গুপ্তা। ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পান তিনি। এরপর ২০১৯ সালে গণিত বিজ্ঞানে ভারতের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে উন্নয়নশীল দেশগুলোর তরুণ গণিতবিদদের জন্য রামানুজন পুরস্কার পান নীনা। এই সম্মান পাওয়া তৃতীয় নারী তিনি। ২০২২ সালে তাকে দেয়া হয় নারী শক্তি পুরস্কার। একই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান নীনা গুপ্তা। ২০২৩ সালে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ফর ফ্রন্টিয়ার সায়েন্স এবং ২০২৪ সালে ইনফোসিস পুরস্কার পান গণিতবিদ নীনা গুপ্তা।

অ্যালজেব্রিক জিওমেট্রি ও কমিউটেটিভ অ্যালজেব্রায় তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেয়া হয় তাকে। ২০২৫ সালে অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্স এবং আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার লেকচার দেন তিনি। এবার সেই সাফল্যের মুকুটে আরও একটি পালক। টাইম ১০০ নেক্সট ইন্ডিয়ার তালিকায় জায়গা করে নিলেন কলকাতার গণিতবিদ নীনা গুপ্তা।

ছোটবেলায় মায়ের সঙ্গে অঙ্কের ধাঁধা সমাধান থেকে শুরু করে সাত দশকের পুরনো গাণিতিক সমস্যাকে চ্যালেঞ্জ জানানো—নীনা গুপ্তার এই যাত্রা নিছক সাফল্যের গল্প নয়। বরং কৌতূহল, অধ্যবসায় এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবার সাহস থাকলে কত দূর এগোনো যায়, তারই উদাহরণ।