ভারতের বলিউড তারকারা ইদানীং গ্যাংস্টারদের হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। কয়েকদিন আগেই অভিনেতা টাইগার শ্রফের ওপর জনসমক্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সম্প্রতি অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানকে হুমকি দেওয়া হয়েছে। এরপরেই ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তাদের দাবির তালিকায় রয়েছে সাইফ আলী খান এবং হুমকির মুখে থাকা অন্যান্য বলিউড অভিনেতাদের জন্য আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং এর অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছে পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলিউডের জন্য জরুরি নিরাপত্তা চেয়েছেন। শ্রমিক সংগঠনটি উল্লেখ করেছে যে, গত কয়েক সপ্তাহে গ্যাংস্টাররা প্রকাশ্যে বেশ কয়েকজন অভিনেতাকে হুমকি দিয়েছে এবং দাবি করেছে যে, তাদের হাতে ২০০ জন শুটার রয়েছে। সংগঠনটির সতর্কবার্তা অনুযায়ী, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তবে তা চলচ্চিত্র নির্মাণের কাজকে ব্যাহত করবে।
অ্যাসোসিয়েশন-এর বক্তব্য, “লক্ষ লক্ষ শ্রমিক, প্রযুক্তিবিদ, শিল্পী এবং সেট কর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। যদি এই অবস্থা চলতে থাকে, তবে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।” চিঠিতে আরও যোগ করা হয়েছে, “জাতীয় রাজস্বে বলিউডের উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং এটি বিশ্বজুড়ে ভারতের নাম উজ্জ্বল করে। এ ধরনের প্রতিটি ঘটনা সেই সুনামকে ক্ষতিগ্রস্ত করবে। যেহেতু চলচ্চিত্র ব্যক্তিত্বরা সবার চোখের সামনে থাকেন এবং তাঁদের সহজে লক্ষ্যবস্তু করা যায়, তাই গ্যাংস্টাররা প্রচার পাওয়ার জন্য বা চাঁদাবাজির উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালায়।”
