সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক নারী ইনফ্লুয়েন্সারের প্রতি একতরফা ভালোবাসা তৈরি হয়েছিল। সেই নারীকে বিয়ে করার দাবিতে সুদূর চেন্নাই থেকে দিল্লিতে ছুটে যান তিনি। একপর্যায়ে ওই নারীর বাড়িতে জোর করে প্রবেশ করে বিয়ের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই ইনফ্লুয়েন্সারের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ইনফ্লুয়েন্সারের বাবা ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত ব্যক্তির নাম অভিনব। তিনি উত্তর প্রদেশের গাজীপুরের বাসিন্দা। চেন্নাইয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
অন্যদিকে, ইনফ্লুয়েন্সার নেহা বিষ্টের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছয় লাখের বেশি। তার প্রতিটি রিলসে লাখ লাখ ভিউ হয়। সম্প্রতি ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের বাগদান এবং আসন্ন বিয়ে নিয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ করছিলেন তিনি।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৭ নভেম্বর নেহা যখন পূর্ব দিল্লির মধু বিহার এলাকার বাড়িতে ছিলেন, তখন সেখানে জোর করে প্রবেশ করেন অভিনব। তিনি নেহাকে বিয়ে করার দাবি জানান। পরদিন দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, ওই ব্যক্তির শরীর থেকে মদের গন্ধ আসছিল।
তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে নেহার পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী তাকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিনবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তার পিঠ ও ডান পায়ে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে রাজীব গান্ধী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর তার মৃত্যু হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিনব নিয়মিত নেহা বিষ্টের সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখতেন। একপর্যায়ে তার প্রতি একতরফা ভালো লাগা তৈরি হয়। কয়েক মাস আগেও ভক্ত হিসেবে তিনি নেহার বাড়িতে গিয়েছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অন্য একজনের সঙ্গে নেহার বিয়ে ঠিক হওয়ায় মনঃক্ষুণ্ন ছিলেন অভিনব। অথচ নেহা তাকে ব্যক্তিগতভাবে চিনতেনও না।
এ ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে নেহার বাবা বীরেন্দর বিষ্ট ও এক প্রতিবেশীকে। ঘটনার সময় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।
