ব্রেক্সিটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনে চুক্তি ইইউ-বৃটেনের

ব্রেক্সিটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনে চুক্তি ইইউ-বৃটেনের

ফন্ট সাইজ:

ব্রেক্সিট গণভোটের প্রায় এক দশক পর সম্পর্ক পুনর্গঠনের পথে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বৃটেন। তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর এ সমঝোতার কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বৈঠকের পর বৃটিশ প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, আলোচনা শেষ হয়েছে এবং সম্পর্ক পুনর্গঠনের চুক্তি চূড়ান্ত হয়েছে।

আলোচনা শুরুর আগে ইইউর শীর্ষ নেতাদের উদ্দেশে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বৃটেনের জন্য একটি ভালো দিন। ইউরোপের জন্যও এটি ভালো দিন। ইউরোপ ও বৃটেনের লাখো মানুষ এই চুক্তি থেকে বাস্তব সুফল পাবেন।’

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তরুণদের যাতায়াত ও কাজের সুযোগ, খাদ্য ও কৃষিপণ্যের স্বাস্থ্যবিধি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। এসব চুক্তি বাস্তবায়নের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে যৌথ বিবৃতিতে বিস্তারিত প্রকাশ করা হবে।

বৃটিশ সরকারের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, চুক্তি সম্পন্ন হয়েছে এবং আলোচনা শেষ হয়েছে। এখন উভয় পক্ষ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। তবে অন্যান্য আন্তর্জাতিক চুক্তির মতো এসব সমঝোতা কার্যকর করতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিছু বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, এসব চুক্তির ফলে দেশটির অর্থনীতিতে অতিরিক্ত শূন্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বৃটেন ও ইইউর মধ্যে প্রাণী, উদ্ভিদ এবং সংশ্লিষ্ট পণ্যের চলাচলে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি কমানো। এ ব্যবস্থা থেকে বৃটিশ অর্থনীতির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫১০ কোটি পাউন্ড বা প্রায় ৬৭০ কোটি ডলার।

কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার সংযোগ স্থাপনের ফলে বৃটেন ও ইইউর পণ্য একে অপরের সীমান্তে আরোপিত কার্বন শুল্ক থেকে অব্যাহতি পাবে। এর ফলে ইস্পাতের মতো শিল্পপণ্যের বাণিজ্যে সুবিধা তৈরি হবে।

অন্যদিকে, তরুণদের চলাচলসংক্রান্ত কর্মসূচির আওতায় এক লাখ ইউরোপীয় তরুণ সর্বোচ্চ তিন বছর বৃটেনে বসবাস ও কাজের সুযোগ পাবেন। একইভাবে বৃটিশ তরুণরাও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাস ও কাজ করতে পারবেন।
তবে এসব সমঝোতার পরও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করতে আরও কয়েক মাস, এমনকি কয়েক বছর ধরে আলোচনা চলতে পারে। ভবিষ্যৎ সম্পর্কের সব সম্ভাবনা বিবেচনায় রাখার কথা আগেই বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী।

এর মধ্যে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেয়ার বিষয়টিও রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ব্রেক্সিটের সিদ্ধান্ত প্রত্যাহারই একমাত্র পথ নয় এবং এ ধরনের কোনো পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেয়ার সম্ভাবনাও নেই।

এদিকে, ইইউর সঙ্গে নতুন সমঝোতায় বৃটেনের ইউরোপপন্থি ও ইউরোসংশয়বাদী রাজনীতির মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী।

চুক্তির খবর প্রকাশের পর পপুলিস্ট র‌্যাডিক্যাল রাইট পার্টি রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বৃটিশ প্রধানমন্ত্রীকে ‘সরলমনা’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, ইইউ এই সুযোগে বৃটিশ প্রধানমন্ত্রীকে চাপের মুখে ফেলেছে। তার ভাষায়, ‘এটি সেই পুরোনো খেলা। আর নিছক অনভিজ্ঞতার কারণে তিনি সেই ফাঁদে পা দিয়েছেন।’