পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক শুক্রবার নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পাকিস্তানি নেতা যিনি ভারত সফর করছেন। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি গোয়া সফর করার পর, এটিই পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের প্রথম সফর।
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ যোগ দিতেই ভারতে এসেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার মালিকের এই ফোরামে বক্তব্য রাখার কথা রয়েছে। তবে দ্বিপাক্ষিক কোনও বৈঠকের ঘোষণা দেওয় হয়নি।
দুই দেশের সরকারই এই সফর ও যোগাযোগকে এসসিও-এর নিয়মিত কার্যক্রম হিসেবে অভিহিত করেছে। আগামী বছরের আগস্ট মাসে পাকিস্তান এই জোটের নেতৃত্ব দেবে।
কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত ঐতিহাসিক পুরানা কিল্লায় এসসিও সভ্যতামূলক সংলাপ ফোরাম আয়োজিত হয়েছে। ফলে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক পুরানা কিল্লা ২২শে নভেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে পাকিস্তানি মন্ত্রীর সফরকে কেন্দ্র করে কংগ্রেস দল ভারত সরকারকে আক্রমণ করেছে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন ও জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রিনেত বলেছেন, সরকারের উচিত “লজ্জিত হওয়া”।
শুক্রবার ‘এক্স’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “তিনি (মুসাদ্দিক মাসুদ মালিক) বারবার ভারতকে হুমকি দিয়েছেন। হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন, রক্ত ঝরানোর হুমকি দিয়েছেন। পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে না, আর মোদি সরকার তাদের বিরিয়ানি ও ক্ষীর খাওয়াতে ব্যস্ত।”
এর আগে রবিবার কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেছিলেন যে, ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবাদের বিষয়ে ইসলামাবাদ কোনো পদক্ষেপ নেয়নি।
