বাংলাদেশ সিরিজে ফিরছেন এনগিডি, নেতৃত্বে মহারাজ

বাংলাদেশ সিরিজে ফিরছেন এনগিডি, নেতৃত্বে মহারাজ

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ছিটকে যাওয়ায় ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। একই সঙ্গে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়া। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন এই দুই অভিজ্ঞ বোলার।

কাফের পেশিতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না বাভুমা। তার অনুপস্থিতিতে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টেস্ট দলের বাইরে থাকা মহারাজকে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য আগেই ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে টেস্ট দলে যোগ করা হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে।

দক্ষিণ আফ্রিকার জন্য বড় স্বস্তির খবর এনগিডির প্রত্যাবর্তন। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় এই পেসার। ওয়ানডে দলে তার সঙ্গে ফিরেছেন নরকিয়াও। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলা এই গতিতারকা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো ৫০ ওভারের ক্রিকেটে ফিরছেন। দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডে দলে রাখা হয়েছে কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবসকে। পাশাপাশি জায়গা পেয়েছেন সিনেথেম্বা কেশিলে। পাকিস্তানের বিপক্ষে ২০২৫ সালে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। টাইটানসের হয়ে সাত ইনিংসে ২৭৭ রান করেছেন ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে। এর মধ্যে মাত্র ১৪ বলে ফিফটি করে যৌথভাবে ঘরোয়া টি-টোয়েন্টির দ্রুততম অর্ধশতকের রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বিয়ন ফরটান। দলে ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠা তরুণ পেসার কুয়েনা মাফাকা। তবে একই চোটে আবার আক্রান্ত হওয়ায় বিবেচনায় আসেননি অটনিল বার্টম্যান।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড:

কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটান, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:
বিয়র্ন ফরটান (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।