সংসার চালাতে মধ্যবিত্ত টের পাচ্ছেন বাজারের আগুন

ভারতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধিতে রেকর্ড

সংসার চালাতে মধ্যবিত্ত টের পাচ্ছেন বাজারের আগুন

ফন্ট সাইজ:

ভারতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি রেকর্ড করেছে। গত চার বছরের মধ্যে পাইকারি মূল্যস্ফীতি সর্বোচ্চ ১২.৩ শতাংশে পৌঁছেছে। এই অবস্থা চলবে আরও কিছুদিন, এমনই জানিয়েছেন অর্থনীতিবিদরা। ফলে সংসার চালাতে মধ্যবিত্তরা টের পাচ্ছেন বাজারের আগুন। ভারতে পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়ে চলেছে। বাইরে খাওয়া বিলাসিতায় পরিণত হয়েছে এবং কোনো কোনো পরিবার দুগ্ধজাত পণ্যের ব্যবহার কমিয়ে দিচ্ছে। একটি জরিপ অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে ভারতের ৬০ শতাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকারি ও খুচরা, উভয় ক্ষেত্রে পণ্যের দাম বাড়ায় প্রশ্ন উঠেছে, পরিবারগুলো আর কত বাড়তি ব্যয় বহন করতে পারবে।
ভারতের লক্ষ লক্ষ পরিবারের জন্য মাসিক মুদি খরচের বোঝা সামলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ভোজ্য তেল, শাকসবজি, শস্যদানা, দুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে পরিবারের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। ফলে বাইরে খাওয়া-দাওয়া, কেনাকাটা, বিনোদন এমনকি সঞ্চয়ের জন্য হাতে খুব কম অর্থই অবশিষ্ট থাকছে। অনেক পরিবারকে এখন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদের কেনাকাটার পরিমাণ কমাতে হচ্ছে, নতুবা সস্তা বিকল্প পণ্যের দিকে ঝুঁকতে হচ্ছে। পাইকারি বাজারে মূল্যস্ফীতির তীব্র বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে, এই চাপ সহসাই কমার কোনো লক্ষণ নেই। অর্থনীতিবিদদের মতে, “আর্থিক বছরের দ্বিতীয়ার্ধেও মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে।”
মুদ্রাস্ফীতিরে ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের খরচ বাড়ার সাথে সাথে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। রসুনের দাম প্রায় ৬১ শতাংশ, আদার দাম প্রায় ৫০ শতাংশ এবং লেবুর দাম ৪৭ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্যের দামই এই বাজারের এই আগুন দামের অন্যতম প্রধান কারণ। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের ৫.৫৪ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে খুচরা মুদ্রাস্ফীতি ৬.০৯ শতাংশে পৌঁছেছে। এই উল্লম্ফনের ফলে মুদ্রাস্ফীতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত ৬ শতাংশের লাল রেখা অতিক্রম করেছে, যা আগামী মাসেই আরও একবার সুদের হার বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত করছে।
সম্প্রতি হওয়া একটি জরিপে ১ লাখ ৩৪ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে। আর এতে উঠে এসেছে উদ্বেগজনক ছবিটি। পারিবারিক ব্যয় বৃদ্ধির ঘটনা কেবল কয়েকটি পরিবার বা নির্দিষ্ট কিছু নিত্যপণ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। জরিপে ৭৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, যেসব পণ্যের দাম বেড়েছে সেই তালিকায় সবার ওপরে রয়েছে ঘি, মাখন ও ভোজ্যতেল। এরপরই রয়েছে শাকসবজি। ৭৩ শতাংশ মানুষ একথা জানিয়েছেন। এবং ৭১ শতাংশ মানুষ জানিয়েছেন, চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্যের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। দুধ ও দুগ্ধজাত পণ্য (যেমন দই ও পনির) এবং তাজা ফলের দাম বাড়ার কথা জানিয়েছেন ৬৫ শতাংশ মানুষ। এছাড়া ৬২ শতাংশ ডালজাতীয় পণ্যের দাম বাড়ার কথা উল্লেখ করেছেন।
জরিপ থেকে আরও জানা গেছে, ৬১ শতাংশ মানুষ জানিয়েছেন, এক বছর আগের তুলনায় নিত্যপণ্যের পেছনে তাদের মাসিক ব্যয় ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ১৮ শতাংশ জানিয়েছেন, তাদের ব্যয় বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ, আর ১৩ শতাংশের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১০ থেকে ১৫ শতাংশ।
এই চাপ শুধু খাদ্য দ্রব্যের বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মুদিপণ্যের ক্রমবর্ধমান খরচের কারণে রেস্তোরাঁর দাম ১০.০৬ শতাংশ বেড়েছে, অন্যদিকে ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী এবং অন্যান্য পণ্য ও পরিষেবার দামও ১০.১৪ শতাংশ বেড়েছে।

জরিপে ভোক্তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তাদের পারিবারিক ব্যয় ও ভোগ অভ্যাসে কী ধরনের পরিবর্তন আসছে। এক্ষেত্রে প্রায় তিন-চতুর্থাংশ বা ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, তারা বাইরে খাওয়া-দাওয়া, কেনাকাটা এবং বিনোদনের মতো অনাবশ্যক বা ঐচ্ছিক বিষয়গুলোতে ব্যয় কমিয়ে দিয়েছেন। অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আগের চেয়ে কম পরিমাণে কিনছেন। আরও উদ্বেগের বিষয় হলো, ৩৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, তারা দুধ, দুগ্ধজাত পণ্য বা অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ কমিয়ে দিয়েছেন। একই অনুপাতে মানুষ ফল ও শাকসবজি কেনাও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। অন্য ৩৯ শতাংশ জানিয়েছেন, পারিবারিক খরচ মেটাতে তারা জমানো টাকা খরচ করছেন অথবা ধার নিচ্ছেন। অন্যদিকে, ৩৭ শতাংশ মানুষ তুলনামূলক সস্তা ব্র্যান্ড বা কম দামের বিকল্প পণ্য বেছে নিচ্ছেন।