সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম নামের এক মাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে মায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।
গ্রেপ্তাররা হলেন—নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের গলায় থাকা স্বর্ণের একটি ধান তাবিজ ও কানের দুলের লোভে মাদকাসক্ত ছেলে আশরাফ আলী তার মাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী আব্দুর রাহিমের সহযোগিতায় মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায়বন্দি করেন তারা। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেন।
উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে বলেন, ‘অভিযুক্ত মাদকাসক্ত ছেলে ও তার এক সহযোগী ছাড়াও একজন স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।’ রাতেই মরদেহটি ময়নাতদন্তের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
