ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ হওয়ার পর শেষ হতে যাচ্ছে। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই। এরই মধ্যে ভারত সরকার সেটিকে আর নবায়ন না করার পরিকল্পনা করেছে বলে বিভিন্ন সরকারি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে অবহিত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে, আপাতত বিদ্যমান শর্তানুসারেই পানিবণ্টন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ভারত বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশকে আগের মতোই সমপরিমাণ পানি সরবরাহ অব্যাহত রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানিবণ্টনের বিষয়টি পরিচালনার জন্য ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ কেন্দ্রিক পানি বণ্টনের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। বর্তমান ব্যবস্থায়, ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত চলা শুষ্ক মৌসুমে উভয় দেশ পর্যায়ক্রমে ১০ দিন করে ৩৫,০০০ কিউসেক পানি পেয়ে থাকে।
চুক্তি অনুযায়ী, ৩০ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করার কথা ছিল। সূত্র জানিয়েছে, ভারতের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রয়োজনে আরও বেশি পানি পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করতে চায়। এর মধ্যে রয়েছে কলকাতার বন্দরের কার্যক্রম সচল রাখা, এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির চাহিদা পূরণ করা এবং সুন্দরবনসহ অন্যান্য অঞ্চলে লবণাক্ততার সমস্যা মোকাবিলা করা। কলকাতা বন্দরে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভারতের ৪০,০০০ কিউসেক পানির প্রয়োজন। এই প্রেক্ষাপটে, গত মাসে কেন্দ্রীয় পানি কমিশন (সেন্ট্রাল ওয়াটার কমিশন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত কারিগরি বিবরণ তুলে ধরেছে।
একজন কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের কাছে চুক্তি সম্পর্কিত সমস্ত কারিগরি তথ্য ও উপস্থাপনা চাওয়া হয়েছিল, বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারত কীভাবে আরও বেশি পানি পেতে পারে তা নিয়ে।” বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন; তারা অভিযোগ করেছিলেন যে, এই চুক্তির ফলে তাদের রাজ্যগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর্মকর্তাটি আরও বলেছেন, “শুষ্ক মৌসুমে কলকাতা বন্দর থেকে পলি অপসারণের জন্য আমাদের অন্তত ৫,০০০ কিউসেক অতিরিক্ত পানি প্রয়োজন। এছাড়া সুন্দরবন বদ্বীপ অঞ্চল এবং এর সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ রোধ করার জন্যও এই পানি দরকার।”
বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “সদিচ্ছা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে, সেই বিশ্বাস বজায় রাখার স্বার্থে ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।”
এর আগে, পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পের পুনরুদ্ধার ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য ভারত একটি প্যানেল গঠন করেছে। তিস্তা নদী নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততার মধ্যেই ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারত থেকে প্রায় ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এসব নদী পরিচালনার জন্য একাধিক চুক্তির প্রয়োজন রয়েছে।
