পাকিস্তানি মন্ত্রী ভারতে, যেতে দেওয়া হবে না তাজমহল ও নিজামুদ্দিন দরগায়

ফন্ট সাইজ:

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক শুক্রবার নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পাকিস্তানি নেতা যিনি ভারত সফর করছেন। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি গোয়া সফর করার পর এটিই পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের প্রথম সফর।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ যোগ দিতেই তিনি ভারতে এসেছেন। শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার মালিকের এই ফোরামে বক্তব্য রাখার কথা রয়েছে। তবে দ্বিপাক্ষিক কোনও বৈঠকের ঘোষনা দেওয়া হয়নি।

দুই দেশের সরকারই এই সফর ও যোগাযোগকে এসসিও-এর নিয়মিত কার্যক্রম হিসেবে অভিহিত করেছে। আগামী বছরের আগস্ট মাসে পাকিস্তান এই জোটের নেতৃত্ব দেবে।
এনডিটিভির সংবাদে জানানো হয়েছে, পাকিস্তানের মন্ত্রী মুসাদিক আগ্রার তাজমহল এবং রাজধানী দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচিতে যাওয়ার অনুমতি দেয়নি।
সংবাদ মাধ্যমের খবর, তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই সফরে তিনি কেবল এসসিওর অনুষ্ঠানেই অংশ নিতে পারবেন। অন্য কোনো জায়গায় যাওয়ার অনুমতি তাঁর নেই।

তবে মুসাদিকের ভারত সফর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি নরেন্দ্র মোদি সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা করেছে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ দাবি করেছেন, পররাষ্ট্র নীতি নিয়ে বিভ্রান্ত হয়ে আছে মোদি সরকার। তাঁর কথায়, 'বিজেপি সবসময় বলে যে একইসঙ্গে আলোচনা এবং সন্ত্রাসবাদ চলতে পারে না। কিন্তু এখন এসসিও বৈঠকের জন্য ভারতে এলেন একজন পাকিস্তানি মন্ত্রী।'
কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন ও জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রিনেত বলেছেন, সরকারের উচিত “লজ্জিত হওয়া”।শুক্রবার ‘এক্স’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “তিনি (মুসাদিক মাসুদ মালিক) বারবার ভারতকে হুমকি দিয়েছেন। হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন, রক্ত ঝরানোর হুমকি দিয়েছেন। পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে না, আর মোদি সরকার তাদের বিরিয়ানি ও ক্ষীর খাওয়াতে ব্যস্ত।”

শুক্রবার মুসাদিক ভারতে পা দেওয়ার পরেই কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেছেন, “বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলেই বিভ্রান্ত। আমাদের ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বলা হয়, আবার পাক মন্ত্রীকেও ভারতে আমন্ত্রণ করা হচ্ছে।” কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির কথায়, ওই পাক মন্ত্রী একেবারে জঙ্গিদের ভাষায় কথা বলেছিলেন, সেটা মনে রাখা উচিত।