ঢাকাই সিনেমার প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ’র জীবনী কিংবা তার মৃত্যুরহস্য নয় বরং তাকে ঘিরে নব্বইয়ের দশকে সারা দেশে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ-৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত চলচ্চিত্রটি আগামী ৪ঠা সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা জানান, সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী ৬ই সেপ্টেম্বর। এর ঠিক দু’দিন আগে সারা দেশে মুক্তি দেয়া হবে ‘লাভ-৯৬’।
গত ১০ই মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ-৯৬’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল প্রমুখ। নির্মাতা বলেন, সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। ‘লাভ-৯৬’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। দর্শকরা টানটান উত্তেজনা পাবেন। আমি মনে করি, এই চলচ্চিত্রটি দেখলে প্রত্যেক সালমান শাহ ভক্তই নিজের কোনো না কোনো অনুভূতিকে খুঁজে পাবেন।
