সামাজিক মাধ্যমে নারীদের উদ্দেশ্যে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি নেটদুনিয়ায় তাকে লক্ষ্য করে করা আপত্তিকর মন্তব্যের কয়েকটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের পুরুষরা কীভাবে প্রকাশ্যে একজন নারীকে এতটা অসম্মানজনক ভাষায় আক্রমণ করতে পারেন? শ্বেতার মতে, সামাজিক মাধ্যমে কোনো নারীকে হেনস্তা বা অপমান করাকে অনেকেই যেন স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন। একজন নারীর বয়স, পেশা কিংবা পরিচয় কোনোটিই তাকে অসম্মান করার কারণ হতে পারে না।
ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, নারীদের উদ্দেশ্যে অত্যন্ত অবমাননাকর শব্দের ব্যবহার অনলাইনে যেভাবে স্বাভাবিক হয়ে উঠছে- তা তাকে গভীরভাবে ভাবাচ্ছে। শ্বেতা আরও বলেন, এ ধরনের মন্তব্যের শিকার হচ্ছেন বিভিন্ন বয়স ও পেশার নারীরা। অর্থাৎ নির্দিষ্ট কোনো পরিচয়ের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নেই। নারী হওয়ার কারণেই অনেককে কুরুচিকর মন্তব্যের লক্ষ্যবস্তু হতে হচ্ছে। তবে শুধু সামাজিক মাধ্যমের ট্রলারদের সমালোচনা করেই থামেননি শ্বেতা।
প্রশ্ন তুলেছেন তাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ নিয়েও। তার ভাষ্য, যারা নারীদের উদ্দেশ্যে এমন অবমাননাকর ভাষা ব্যবহার করেন, তাদের সবাই যে অশিক্ষিত পরিবারের সদস্য, তা নয়। অনেকেই শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত পরিবারের মানুষ। শ্বেতার প্রশ্ন, এসব পুরুষের তো মা, স্ত্রী, বোন কিংবা মেয়ে রয়েছেন। তাহলে অন্য একজন নারীর সঙ্গে কথা বলার সময় তারা কীভাবে এতটা অসম্মানজনক ভাষা ব্যবহার করতে পারেন?
