বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটে উত্তর ইয়র্কশায়ারে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল পথে চলে এসে কর্তব্যরত অবস্থায় থাকা ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা ও অপর গাড়িতে থেকে পাঁচজন আরোহী সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক এবং একটি বিশেষ ঝুঁকি মোকাবিলা দল ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় ।
পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাটটি এ৬৬ মহাসড়কে ভুল দিক দিয়ে চলছিল। সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলো এবং সেটিকে অনুসরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের তদারকি সংস্থা।
নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কাজ এখনও চলছে। যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।
ক্লিভল্যান্ড পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পরিস্থিতি ও এর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি তদন্ত শুরু করেছে।
