চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল উদ্দিন (৩৫) উপজেলার পশ্চিম পোমরা, বুড়ির দোকান এলাকার বাসিন্দা। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই দেলোয়ার হোসেন, এসআই নাজমুল হাসান, এএসআই মো. আবদুর রহিম, এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার জামাল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
