ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হয়েছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এ উৎসব। উৎসবে দর্শকদের জন্য থাকছে বাংলা চলচ্চিত্রের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। উদ্বোধনী দিন শনিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। উৎসবের দ্বিতীয় দিন আজ বিকাল ৩টায় দেখানো হবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’। ২৪শে আগস্ট বিকাল ৩টায় থাকছে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’। চতুর্থ দিন বিকাল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে। পঞ্চম দিন বিকাল ৩টায় দর্শক দেখতে পাবেন ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘নাচের পুতুল’। ষষ্ঠ দিন বিকাল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’। ২৮শে আগস্ট উৎসবের শেষ দিন বিকাল ৩টায় প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’। শুধু চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। সমাপনী দিনে চলচ্চিত্র, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেয়া হবে।
