চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। অভিযানে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। রোববার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাইকেল রোহেন মিয়া, মো. তুহিন, আকবর হোসেন, মো. আব্দুল মুমিন, মো. মাসাদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈরত হোসেন ও মো. সাইফুদ্দিন। তাদের মধ্যে প্রথম আটজন হবিগঞ্জ জেলার বাসিন্দা এবং অপরজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১১ই জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ডেভিড ইমন নামে এক ব্যক্তি এই চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ই জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযানে নামে।
র্যাবের ভাষ্য, গত ১৮ই জুলাই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে হামলার অন্যতম সংগঠক মাইকেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, চাঁদা না পেয়ে একটি প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে হামলার অন্যতম হোতাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, এর আগে একই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পৃথক অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করেছিল।
