আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা চালক গ্রেপ্তার

আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা চালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি চলন্ত লোকাল বাসে গভীর রাতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় নিজের ইজ্জত বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই নারী। এ ঘটনায় গুরুতর আহত ওই নারী শ্রমিক চিকিৎসা নিয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার এখনো পলাতক রয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম। এর আগে, একই দিন ভোর রাতে সাভার মডেল থানার রাজ ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক রাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চালক মো. আজিজুল শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিনাহাটি এলাকার বাসিন্দা এবং বর্তমানে সে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইতিহাস পরিবহনের গাড়ি চালাতো।

ভুক্তভোগীর অভিযোগ, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় চালকও তাকে সহযোগিতা করে। নিজেকে রক্ষার আর কোনো উপায় না দেখে জীবন বাজি রেখে বাস থেকে লাফিয়ে পড়েন ওই নারী। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন