ক্রুসপুলে-জয়াবর্ধনের সেঞ্চুরিতে ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’

ক্রুসপুলে-জয়াবর্ধনের সেঞ্চুরিতে ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’

ফন্ট সাইজ:

এশিয়া কাপ রাইজিং স্টার্সের (৫০ ওভার) প্রথম সেমিফাইনালে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললো শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারতের দেয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিলো তারা। দুই ওপেনার লাসিথ ক্রুসপুলে ও সিনেথ জয়াবর্ধনের দুর্দান্ত সেঞ্চুরিতে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলো লঙ্কানরা।

৩১৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন দুই লঙ্কান ওপেনার। প্রথম ১০ ওভারেই বিনা উইকেটে ৮৫ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন ক্রুসপুলে ও জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান। মাত্র ৭০ বলে ১০ চার ও ছক্কায় ১০৫ রান করেন জয়াবর্ধনে। অন্য প্রান্তে ক্রুসপুলে খেলেন ১০৭ বলে ১২ চার ও তিন ছক্কায় ১১৬ রানের ইনিংস। যদিও স্কোরকার্ডে তার রান ১১৮ হিসেবে উল্লেখ করা হয়েছে। জয়াবর্ধনে ২২তম ওভারে ফিরলেও ভারতের বোলারদের ওপর চাপ কমতে দেননি ক্রুসপুলে।

৩৬তম ওভারে হার্ষিত রানার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ক্রুসপুলে। ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় শ্রীলঙ্কার। এরপর নিশান মাদুশকা ও অধিনায়ক পবন রত্নায়েকে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। মাদুশকা ৫৮ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রত্নায়েকে।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে ভারত ‘এ’ ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। অধিনায়ক তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৫৩ রান। শেষ দিকে শাহবাজ আহমেদের ৪৮ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস ভারতকে বড় সংগ্রহ এনে দেয়। রেকর্ডগড়া বৈভব সূর্যবংশী করেন ৪০ রান।

ম্যাচসেরা জয়াবর্ধনে জানান, আগের তিন ম্যাচে রান না পাওয়ায় সেমিফাইনালটি তার জন্য চাপের ছিল। তিনি বলেন, ‘প্রধান কোচের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে মানসিকভাবে সাহায্য করেছেন। নিজের খেলার ওপর বিশ্বাস রাখতে এবং স্বাভাবিকভাবে খেলতে বলেছেন। ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম, সেটিই কাজে দিয়েছে।’

শ্রীলঙ্কা ‘এ’ অধিনায়ক রত্নায়েকেও ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার ব্যাটাররা দারুণ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো ছিল। ক্রুসপুলে, সিনেথ ও নিশান অসাধারণ খেলেছে। আমি আমাদের ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে খুবই খুশি।’

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যে জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে শ্রীলঙ্কা ‘এ’।