বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

ফন্ট সাইজ:

পেসার রিপন মণ্ডল কি সুপার ওভারে হারের স্মৃতি ভুলতে পেরেছেন? একবছর আগে রাইজিং স্টারস এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশ ‘এ’ দলের। সেদিন বাংলাদেশের হয়ে সুপার ওভারে বল ঘুরানো রিপন এবারও খেলছেন। ২৩ বছর বয়সী পেসারের সামনে সেই দুঃসহ স্মৃতি কাটানোর সুযোগ। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দোহার ওয়েস্ট অ্যন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল ৪টায়। বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল ফাইনালের টিকিট কাটার লড়াই নয়, বরং গত আসরের ফাইনালের হারের প্রতিশোধ নেয়ার সুযোগও বটে।

গ্রুপ পর্বে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনিংয়ে সাইফের সঙ্গী ছিলেন পারভেজ হোসেন ইমন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে কাতার ছেড়েছেন তিনি। তার জায়গায় ডাক পাওয়া মাহমুদুল হাসান জয় পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেন। হংকংয়ের বিপক্ষে ৫১ ও আফগানিস্তানের বিপক্ষে ২০ রান করা ইয়াসির আলী রাব্বিকেও সেমিফাইনালের মঞ্চে পাচ্ছে না ‘এ’ দল। ইমনের সঙ্গে জাতীয় দলে ডাক পাওয়ায় তিনিও দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। তার জায়গায় মিডল অর্ডারে খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন। পেসার সাইফউদ্দিন ছিটকে গেছেন চোটের কারণে। তার জায়গায় ডাক পেয়েছেন এসএম মেহেরব। এছাড়া জাতীয় দলে খেলা অভিজ্ঞ সাইফ হাসান, সাব্বির রহমান, আফিফ হোসেন, শাহাদাত হোসেন দীপু, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল স্কোয়াডে রয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান (১১৪ রান)। বল হাতে সফল বোলার তরুণ পেসার ইকবাল হোসেন ইমন (৫ উইকেট)। দলের চিন্তার জায়গা মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫৫ রান আসার পরও মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ১৭৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ফেলে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। দোহার উইকেটে পাকিস্তানের পেস ও স্পিন আক্রমণের সামনে এই দুর্বলতা কাটিয়ে ওঠা হবে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান চলতি আসরেও দারুণ ছন্দে। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর ভারতকে ৪৮ এবং নেপালকে ৯৬ রানে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখে। মোহাম্মদ হাসনাইন ও সুফিয়ান মুকিমের অভিজ্ঞ বোলার বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। ২০২৫ সালে টি-টোয়েন্টি সংস্করণে মাঠে গড়ায় এশিয়া কাপ রাইজিং টুর্নামেন্ট। এবার হচ্ছে ওয়ানডে সংস্করণে। গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখে সাইফ হাসানের দল।

গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতেই জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে হংকংয়ের দেয়া ২২০ রানের লক্ষ্য ৯ ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে টপকে যায় বাংলাদেশ। ওই ম্যাচে অধিনায়ক সাইফ হাসান ৮৬ এবং ইয়াসির আলী অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের ১৭৪ রানের জবাবে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হার দেখে বাংলাদেশ ‘এ’ দল।