বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা চোট কাটিয়ে আবারও মাঠের বোলিং অনুশীলনে ফিরেছেন। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে সফল চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত ১৭ই নভেম্বর দেশে ফিরে বিসিবি’র মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছেন তিনি। নিয়মিতভাবে অনুশীলন করছেন এই পেসার। তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘নাহিদ রানার বর্তমানে কোনো মেডিকেল ইস্যু বা ব্যথার অভিযোগ নেই। তিনি পূর্ণ ইনটেনসিটিতেই বোলিং করছেন। এখন মূলত তার ওয়ার্কলোড বাড়ানো এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যায়ামগুলো নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন। ওয়ার্কলোড যখন সর্বোচ্চ বা অপটিমাম পর্যায়ে পৌঁছাবে, তখনই তিনি খেলতে পারবেন। ওয়ার্কলোড বাড়ানোর বিষয়টি টিম ম্যানেজমেন্ট, ট্রেইনার এবং বোলিং কোচ দেখছেন; এটি এখন আর মেডিকেল বিভাগের বিষয় নয়।’ এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের ঘন ঘন ইনজুরি নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ, টিম ম্যানেজমেন্টের ওয়ার্কলোড ব্যবস্থাপনা এবং মাঠের অবকাঠামোগত ত্রুটির বিরুদ্ধে সমালোচনা চলছে। একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় সিরিজগুলোতে পূর্ণশক্তির দল মাঠে নামাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। তীব্র সমালোচনার মুখে বিসিবি মেডিকেল বিভাগের চেয়ারম্যান ডা. মাহবুব আহমেদ শামীম কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের চোট ও ফিটনেস ছাড়পত্রের বিষয়ে বোর্ড আর কোনো আপস করবে না।
গত ১৭ই জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর সাইড স্ট্রেইন, স্ট্রেস ফ্র্যাকচার এবং অক্টোবরে কাঁধের ল্যাব্রাম চোটে পড়ে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও চলমান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ মিস করেন রানা। তবে দীর্ঘ বিরতির পর কোনো ঝুঁকি না নিতে নির্বাচকরা তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে স্কোয়াডে রাখেননি। বিসিবি সূত্রমতে, সবকিছু ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে ম্যাচ ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। দেবাশীষ বলেন, ‘চিকিৎসার দিক থেকে তার কোনো সমস্যা নেই, ফলে দক্ষিণ আফ্রিকা সফর বা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে তার খেলার বিষয়টি এখন পুরোপুরি ওয়ার্কলোড এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
অন্যদিকে চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। এই ক্রিকেটারের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মুশফিকুর রহীমের কুঁচকিতে (গ্রোয়েন) কিছুটা ব্যথা রয়েছে। এটিকে ঠিক চোট বলা যাবে না, মূলত গ্রোয়েন পেইন হচ্ছে। এ কারণে তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ এ ছাড়াও দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়ে দলের বাইরে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদও। তার ইনজুরি প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘চোটের তালিকায় বর্তমানে হাসান মাহমুদ যুক্ত হয়েছেন, যার মূল সমস্যাটি কনুইয়ে (এলবো)। তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং নতুন করে তার কিছু স্ক্যান করানো হচ্ছে, যার রিপোর্ট আগামীকাল (আজ) হাতে পাওয়া যাবে। আপাতত তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’ হাসানের এই চোট প্রসঙ্গে দেবাশীষ আরও বলেন, ‘তবে কনুইয়ের এই সমস্যাটি তার পুরোনো, যা সামাল দিয়েই তিনি খেলে আসছেন। ব্যথা বাড়লে কিছুদিন বিশ্রাম নিয়ে সেরে উঠে তিনি আবার মাঠে ফেরেন; এবারও বিশ্রামের মাধ্যমে তিনি সেরে উঠবেন।’
এদিকে পেস বোলারদের বিশ্রাম ও খেলার ভারসাম্য রক্ষায় পরিকল্পনার অভাবকে দায়ী করা হচ্ছে। রানা ও হাসানের অতিরিক্ত বোলিংয়ের চাপ এবং সঠিক সময়ে বিশ্রাম না দেয়ায় তারা চোটে পড়েছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মেডিকেল বিভাগের রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে। লিটন কুমার দাসের পায়ের চোট শুরুতে সঠিকভাবে নির্ণয় না করেই জিম্বাবুয়ে সফরে পাঠানোয় কোনো ম্যাচ না খেলে দেড় মাসের বেশি তাকে মাঠের বাইরে থাকতে হয়। এ ছাড়া স্টেডিয়ামগুলোতে বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী ব্যানার রং করার বদলে পেরেক ঠুকে বসানোয় ফিল্ডিং করতে গিয়ে রানার মতো ক্রিকেটাররা ইনজুরিতে পড়ছেন। এই ধরনের অবহেলা নিয়েও প্রশ্ন উঠছে বারবার।
