বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না বলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা সেই ধারাকে অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ্ দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে সেই প্রত্যাশা আমাদের আছে। আমরা গণতান্ত্রিক আচরণ করবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করবো, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করবো। তার মধ্যদিয়ে এদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না, উৎপত্তি হবে না, এদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না এবং প্রত্যাবর্তন হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রেক্ষাপটে বর্তমানে অনেকেই রাজনীতিতে অস্থিরতার কথা বলছেন। আমি কোনো অস্থিরতা দেখি না। পতিত ফ্যাসিবাদী শক্তি পলায়ন করেছে গণহত্যার মধ্যদিয়ে। তারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্তেয়, অপ্রাসঙ্গিক। তারা হয়তো পুরাতন পার্টি হিসেবে নিজেদের নামকরণ করতে পারে।
তিনি বলেন, তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে এদেশে তাদের লুকায়িত পার্টি বিপদগ্রস্ত হয়েছে। কেউ কেউ হয়তো বিভ্রান্ত হয়েছে তাদের কথায়, তাদের কাজে। কিন্তু আমরা অত্যন্ত ধৈর্য সহকারে গণতান্ত্রিকভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হয়েছে। বরং সরকারি দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ মনে করে, তাদের যে আচরণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে ধৈর্য সেটা প্রশংসিত হয়েছে দেশ এবং বিদেশে। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করবো বলেই অঙ্গীকারাবদ্ধ হয়েছি। জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি যে, সমস্ত রাজনৈতিক চর্চা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের তদন্ত কার্যক্রম চলছে মানবতাবিরোধী অপরাধের দায়ে। সেই তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে, চার্জশিট দেয়া হবে এবং আদালত তার কার্যক্রম আইনানুগভাবে বিবেচনা করবে। তখন আদালতের নির্দেশনা অনুসারে, আইনের বিধান অনুসারে সেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে। পৃথিবীর ইতিহাসে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করেছিলেন, দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ঢুকতে পারেনি। পতিত ফ্যাসিবাদী শক্তি তারাও ফিরতে পারে না, এদেশে রাজনীতি করতে পারবে না।
দলের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরের ১৬ তারিখ লাখো প্রাণের বিনিময়ে আমাদের বিজয় স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১ তারিখ থেকে বিজয়ের একমাসের কর্মসূচি শুরু করবো। সেই সূত্রে সরকারি কর্মসূচি হয়েছে। দলীয়ভাবে আজকে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। ইতিমধ্যে আমাদের সকল কর্মসূচি ঘোষিত হয়েছে সেটা শুরু হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে একটা গ্র্যান্ড র্যালির মধ্যদিয়ে। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ ব্রিফিংয়ের আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সভাপতিত্বে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
