স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

স্বাভাবিক হচ্ছে গার্মেন্টস

ফন্ট সাইজ:

টানা এক মাসের শ্রমিক অসন্তোষ, মজুরি নিয়ে আন্দোলন এবং কারখানা বন্ধের অস্থিরতা আর কর্মবিরতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বেশির ভাগ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা গেছে। এতে সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন খাত-সংশ্লিষ্টরা।

তবে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ঘিরে শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি কাটেনি। কোথাও কোথাও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটছে।

এদিকে, শিল্পের স্বার্থে সব শ্রমিককে দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/উপদেষ্টা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। অন্যদিকে, চলমান সংকট নিরসনে বড় ও সক্ষম কারখানাগুলোর জন্য আলাদা মজুরি কাঠামো তৈরির দাবি উঠেছে। শ্রমিকদের একাংশের মতে, বড় কারখানার উৎপাদন সক্ষমতা, আর্থিক সামর্থ্য ও রপ্তানি আয় বিবেচনায় তাদের জন্য আলাদা মজুরি কাঠামো বা বাস্তবায়নব্যবস্থা প্রয়োজন। কারণ বড় প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে ছোট ও মাঝারি কারখানার পক্ষে বাড়তি মজুরির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়তে পারে।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান মন্ত্রীর: সচিবালয়ে পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পোশাক শিল্প আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই খাত ক্ষতিগ্রস্ত হলে দেশ ও শ্রমিক— উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া সরকার ও মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। তাই কারও উস্কানিতে কান না দিয়ে আপনারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান এবং উৎপাদনে অংশ নিন। তিনি আরও জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের যেকোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চালু হোক— এটাই সরকারের প্রত্যাশা। আরিফুল হক চৌধুরী বলেন, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এ জন্য মজুরি বোর্ডের সদস্যসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোও সহজ হবে। তাই কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাক, তা কোনোভাবেই কাম্য নয়। শিল্পের অগ্রগতি ও শ্রমিকদের স্বার্থ— দু’টিই রক্ষা করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি সুন্দর সমাধানের জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্টরা।

এদিকে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কাজে ফেরার আহ্বান জানিয়ে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ বলেছে, শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মজুরি কম হলেও শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই সিদ্ধান্ত মেনে নেয়া উচিত। এখন সবচেয়ে জরুরি হলো নতুন মজুরি যথাসময়ে বাস্তবায়ন করা।
বড় কারখানার জন্য আলাদা মজুরি কাঠামোর দাবি: এদিকে, শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান এবং বৈষম্য কমাতে দেশের শীর্ষস্থানীয় ও বড় পোশাক কারখানাগুলোর জন্য একটি আলাদা বা বিশেষ মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তাদের মতে, যেসব বড় কারখানা আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে সরাসরি কাজ করে এবং যাদের মুনাফার হার বেশি, তাদের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাড়তি মজুরি ও সুযোগ-সুবিধা দেয়ার সক্ষমতা রয়েছে। সব কারখানাকে একই কাঠামোর আওতায় রাখায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বেশি সক্ষমতাসম্পন্ন বড় ও গ্রিন কারখানার জন্য পৃথক মজুরির ব্যবস্থা করা যেতে পারে। একইসঙ্গে প্রতি বছর মজুরি কাঠামো ঘোষণা করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
বাবুল আখতার বলেন, ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি মজুরি দেয়া সম্ভব নয়। মজুরি বেশি বাড়ানো হলে এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ছোট ও বড় কারখানার জন্য আলাদা মজুরি কাঠামো করা যুক্তিযুক্ত। তিনি বলেন, বিশেষ করে গ্রিন সনদপ্রাপ্ত ৩০০টি কারখানা শ্রমিকদের বেশি হারে মজুরি দিতে সক্ষম। এসব কারখানাকে আলাদা মজুরি কাঠামোর আওতায় আনা যেতে পারে।

তবে আলাদা মজুরি কাঠামোর এই প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) পোশাক কারখানার মালিকরা। বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের মতে, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে ছোট কারখানার মাসিক বেতন ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। কিছু কারখানায় এই বাড়তি ব্যয় ১ থেকে দেড় কোটি টাকা এবং বড় কারখানায় ৪ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া বড় কারখানাগুলোর জন্য আলাদা উচ্চতর মজুরি কাঠামো ঘোষণা করা হলে দক্ষ শ্রমিকরা সেখানে চলে যাবে। ফলে শ্রমিক সংকটে পড়ে শত শত ছোট ও মাঝারি কারখানা ঝুঁকিতে পড়বে।
উৎপাদন স্বাভাবিক হলেও কাটেনি অস্থিরতা: বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প পুলিশ সূত্রে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিক অবরোধ, ৩০ কারখানা ছুটি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, নতুন মজুরি কাঠামোকে ঘিরে গতকালও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কে বিশৃঙ্খলার অপচেষ্টা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই মহাসড়কে শ্রমিক বিক্ষোভের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের প্রেক্ষিতে গাজীপুরের অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর বাইরে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২টি কারখানা। সকালে নগরীর অনেক কারখানার শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যোগ দিলেও কয়েকটি কারখানা শ্রমিকরা বের হয়ে যায়। পরে মহানগরীর ভোগড়া বাইপাস, নাওজোড়, ছয়দানা, সালনা, কোনাবাড়ী এবং সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্প এলাকার কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে সড়কে বেরিয়ে আসেন।

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক শ্রমিক:
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হলেও এখনো তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ২২টি কারখানায় এবং শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২১টি কারখানা।