সুনামগঞ্জ সীমান্ত এলাকা সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে। চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ অভিযান ও টহলে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে ১৬৩ জনকে। বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করে ১৬৩ জনকে সীমান্ত অতিক্রম থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে সীমান্ত নিরাপত্তা জোরদারে কাজ করছে।
সীমান্তের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নজরদারিকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রযুক্তির আওতা বাড়ানো হচ্ছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম সীমান্ত এলাকায় নৌযান এবং অল টেরেইন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করছে বিজিবি।
