যশোরের শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও উষা (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রুবেল হোসেন নামে আরেক যুবক। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি শামিনুল হক।
নিহত নাহিদ যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে ও উষা বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় রুদ্রপুর-গোগাগামী সড়কের সালামের মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
